নিজস্ব প্রতিবেদক : হাদি হত্যার দ্রুত বিচার ও বরিশাল বিমানবন্দরের নাম হাদির নামে করার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ জনগণ ও ছাত্রদল নেতা-কর্মীরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল মহানগরীর রহমতপুর ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়।

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা সাধারণ জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার হবে। তারা দাবি করেন, হাদির স্মরণে বরিশাল বিমানবন্দর তার নামে নামকরণ করা হোক।

এ সময় সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পরিবহনগুলোতে ভোগান্তি দেখা দেয়।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।