ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মুদি ব্যবসায়ী স্বপন কুমার বল ওরফে কালু (৫৫) এর হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার বলবাড়ি সংলগ্ন বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী বাহাদুর, প্রফেসর সলিল কুমার বল, স্বপন কুমার বেপারী, ছাত্রদল নেতা ইদ্রিস হাওলাদার, মহিউদ্দিন শামীম এবং নিহতের মেয়ে শম্পা রানীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, স্বপন কুমার বলের হত্যাকারীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে, তাহলে তাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা বলেন, এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সংখ্যা বাড়তে পারে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় যেন কোনোভাবেই শিথিলতা না দেখানো হয় এবং দ্রুত বিচার নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রবিবার দিনগতরাতে আনুমানিক দেড়টার দিকে ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের নিজ মুদি দোকানে অবস্থান করছিলেন স্বপন কুমার বল। এ সময় চুরির উদ্দেশ্যে শুভজিৎ (১৬) নামের এক কিশোর দোকানে প্রবেশ করে। বিষয়টি স্বপন টের পেলে অভিযুক্ত শুভজিৎ ইট দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে এবং দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে সেমবার সাকালে গুরুতর আহত অবস্থায় স্বপন কুমার বলকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের কেএমসি
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে স্বপন মারা যান। এ ঘটনায় ২৩ ডিসেম্বর বিকেল অভিযুক্ত শুভজিৎ কে পাশ^বর্তী ব্যবাসায়ী কিশোর বেপারীর দোকান থেকে আটক করে পুলিশ।
নিহত স্বপন কুমার বল দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা ও সুধীর কুমার বলের পুত্র এবং অভিযুক্ত শুভজিৎ পিরোজপুর জেলার নাজিরপুর সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বিথোষ সুতারের পুত্র।