নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলা পরিষদ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান তার বক্তব্য প্রদানকালে কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রেরণা আর পরম মমতাময়ী মা। আজ তাকে হারিয়ে আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিশাল সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন। তার বক্তব্যে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় তার ত্যাগের কথা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান আরও বলেন, “খালেদা জিয়া আজীবন এদেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। তার বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা তার আদর্শকে বুকে ধারণ করেই আগামীর পথ চলবো।
শোকসভায় হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার, হিজলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এছাড়াও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ আফছার হাওলাদার, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাওয়ানুর চৌধুরী, ৯০ এর জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি জহিরুল হক নবু, সিনিয়র সহ-সভাপতি শাজাহান রেজা, সহ সভাপতি আব্দুল সাত্তার মাঝি, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন পেঁদা, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান আদিল, ও সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, বরিশাল জেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে হিজলা উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।