বরাবর
মাননীয় পুলিশ কমিশনার
বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল।

বিষয়: ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

জনাব,
আসসালামু আলাইকুম।
আমি কাজী আব্দুল্লাহ আল রাসেল, পেশা সংবাদিকতা। আমি দেশের শীর্ষ আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের বার্তার সম্পাদক মণ্ডলীর সভাপতি। দীর্ঘ ৩০ বছর যাবত আমি সাংবাদিকতা ও লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যানে কাজ করে আসছি। আমার বাবা মরহুম কাজী নাসির উদ্দিন বাবুল ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। আমার মা মেহেরুন্নেছা বেগম দৈনিক আজকের বার্তার প্রকাশক ও সম্পাদক এবং বরিশাল প্রেসক্লাবের ৪ বার সভাপতি নির্বাচিত হয়ে সারাদেশে সাংবাদিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দীর্ঘ ৩৫ বছর পূর্বে আমার বাবা আর্তমানবতার সেবার লক্ষে নগরীর গড়ীয়ারপাড় সংলগ্ন “সেতুবন্ধন ক্লাব ও পাঠাগার” প্রতিষ্ঠা করেন। শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় কার্যক্রম ও বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম আয়োজন করে এই ক্লাবটি বরিশাল বিভাগসহ সারাদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আগামী ১০ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বাবার মৃত্যুর পরে এই প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পরে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মাদ ইউনুস এর অনুপ্রেরণায় যুব সমাজকে সামাজিক কর্মকান্ড, শিক্ষা, খেলাধুলা নতুন বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ হয়ে উক্ত প্রতিষ্ঠানটির সভাপতি পদে হারিকেন মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করছি। কিন্তু অত্যান্ত দু:খের বিষয়, ৩০ নং ওয়ার্ড ও কাশিপুর ইউনিয়নের কতিপয় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত একটি মহল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করতে ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরে ভোটার ও প্রার্থীরা শংকা বোধ করছে।
অতএব, ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিনীত অনুরোধ জানাই।

বিনীত

(কাজী আব্দুল্লাহ আল রাসেল)
সম্পাদকমণ্ডলীর সভাপতি
দৈনিক আজকের বার্তা, বরিশাল।

অনুলিপি:
১। অফিসার ইনচার্জ, বিমানবন্দর থানা,
বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল।
২। সভাপতি/সাধারণ সম্পাদক, বরিশাল প্রেসক্লাব।
৩। সভাপতি/সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটি, বরিশাল।
৪। সভাপতি/সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন।
৫। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বরিশাল ব্যুরো প্রধান।
৬। প্রকাশক/সম্পাদক, দৈনিক আঞ্চলিক পত্রিকাসমূহ ও অনলাইন নিউজ পোর্টাল।