নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে দায়ের আঘাতে একটি বিড়ালের পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা।

 

গত সোমবার (১২ জানুয়ারি) বাকেরগঞ্জ থানায় প্রতিবেশী নাসিমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন বিড়ালটির মালিক তানিয়া।

 

এর আগে গত রোববার (১১ জানুয়ারি) জেলার বাকেরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত নাসিমা বেগম একই এলাকার আইউব মৃধার স্ত্রী।

 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে হত্যার উদ্দেশে দা দিয়ে আঘাত করে তার প্রতিবেশী নাসিমা বেগম। আঘাতে বিড়ালটির একটি পা ভেঙে যায়। এ নিয়ে প্রতিবাদ করায় তানিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করেন ওই প্রতিবেশীর স্বামী আইউব মৃধা।

 

এ নিয়ে সোমবার (১২ জানুয়ারি) বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন তানিয়া।

 

গৃহবধূ তানিয়া জানান, আহত বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ রয়েছে।

 

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা জানান, ভারি কোনো বস্তু দিয়ে বিড়ালটিকে আঘাত করা হয়েছে। বিড়ালটিকে চিকিৎসা দেয়া হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

 

 

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ‘অভিযোগের তদন্ত চলছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’