নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

 

জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা নিজ নিজ আসনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 

জানা গেছে, আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন। বরিশালের ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

 

তবে প্রতীক নিতে আসা একাধিক প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচনের জন্য এখনও সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। সুষ্ঠু নির্বাচন নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেন। অনেক প্রার্থী নেতা-কর্মীদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ করেন।

 

 

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

 

 

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থী ও তাদের সমর্থকদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান।