নিজস্ব প্রতিবেদক : একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ এ প্রতিপাদ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থীদের জনগণের মুখোমুখি প্রশ্ন উত্তর ও ভাবনা নিয়ে এক অনুষ্ঠান হয়েছে।

 

মঙ্গলবার সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) স্থানীয় উপজেলা শাখা এ আয়োজন করে। ঝালকাঠি-২ আসনের ৮ জন সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে ৪ প্রার্থী এতে অংশগ্রহণ করেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী ডা.সিরাজুল ইসলাম, জামায়াত ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী শেখ নেয়ামুল করিম, ন্যাশনাল পিপলস পার্টির আম মার্কার প্রার্থী ফোরকান হোসেন, ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার মো. মাহমুদুল ইসলাম সাগর অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, জানান নিজেদের ভাবনা ও পরিকল্পনার কথাও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, সুজনের বরিশাল বিভাগে আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ ও বরিশাল জেলা সম্পাদক রণজিৎ দত্ত।

 

সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমানসহ ছাত্রছাত্রী ও শ্রেণিপেশার প্রতিনিধিরা এতে অংশ নেয়।