নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে নির্বাচনী উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে নির্বাচনের একদিন আগে জাতীয় পার্টির মুলাদী উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মুলাদী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় একদল দুর্বৃত্ত আরিফ হোসেনের বাসার সামনে স্থাপিত লাঙ্গল প্রতীকের একটি নির্বাচনী প্রচারকেন্দ্র ভাঙচুর করে।

 

 

ঘটনার সময় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আরিফ হোসেন বাসায় উপস্থিত না থাকায় হামলাকারীরা তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনার প্রতিবাদ জানালে বাসার কেয়ারটেকারকে মারধর করা হয়।

 

 

হামলার নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা অপু মোল্লা ও শাওন হাওলাদার নামে দুই ব্যক্তি ছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেন।

 

 

এ বিষয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী প্রধান সমন্বয়ক ও তাঁর কন্যা হাবিবে কিবরিয়া ফারিয়া বলেন, নির্বাচনের আগের দিন আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইতোমধ্যেই বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে। বিষয়গুলো প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ধরনের ঘটনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করছে।

 

 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, একটি ঘটনার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।