ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের ফলাফলে প্রাধান্য পেয়েছে ধানের শীষ। জেলার মোট তিন আসনের মধ্যে দুইটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতীক ধানের শীষ। অন্যদিকে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি এর প্রতীক দাঁড়িপাল্লা।

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী এর ছেলে মাসুদ সাঈদী। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট।

ঘোষিত ফলাফলে, জিয়ানগর উপজেলার ২৯টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী ৩৩ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১২ হাজার ৪১৩ ভোট। সদর ও পৌরসভার ৬৬ কেন্দ্রের ফলাফলে মাসুদ সাঈদী পেয়েছেন ২১ হাজার ৪৩৩ ভোট। আর ধানের শীষের আলমগীর ১৪ হাজার ২৮৫ ভোট।

পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯ হাজার ২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন মোট ১ লাখ ৬ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ১৪৪ ভোট। এ আসনে ১৬৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন।

কাউখালি উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩৩টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৫৩৪ ভোটারের মধ্যে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৩ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১৮ হাজার ৯৯১ ভোট।

ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ৫৬টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৬৪ জন। এখানে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ১৯ হাজার ৯১০ ভোট, আর শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৯ হাজার ১৯ ভোট। এ আসনের সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত নেছারাবাদ উপজেলার ফলাফল পাল্টে দেয় পুরো নির্বাচনের চিত্র।

পিরোজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ডাঃ রুস্তম আলী ফরাজী হাত পাখা প্রতিকে ৩৫ হাজার ৬২৩ ভোট এবং ড. শামীম হামিদী শাপলা কলি প্রতিকে ৩৫ হাজার ৩১২ ভোট পেয়েছে।

ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ২৫ হাজার এর বেশি ভোটে পরাজিত করেছেন।