নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি নানা আচরণের কারণে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন মেননের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা।

এর আগে একই দিন অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে একই অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে বহিষ্কার করেন। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেহেদী হাসান মিরাজকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এছাড়াও বহিষ্কারাদেশের চিঠিতে বহিষ্কৃত মিরাজের কোনো অপকর্মের দায়ভার বিএনপি নেবে না এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়।

দল থেকে বহিষ্কার করার ব্যাপারে ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন মেনন জানিয়েছেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন। এ সংক্রান্ত কোনো কাগজ এখনও তিনি হাতে পাননি।