বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাকেরগঞ্জ থানার সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা থানার সামনে সমাবেশ করে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর হামলার নেতৃত্বদানকারী নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।হামলাকারীরা গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয় আলাপকালে থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা বলেন, চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

উল্লেখ্য, সোমবার ৯ মার্চ চাল চুরির অভিযোগ এনে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।