তরিকুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিবেদকঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, ভা-ারিয়ায় নির্মাণাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পটি নানা সমস্যার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। পূর্বে প্রকল্পটি নিয়ে কিছু জটিলতা ও মামলার বিষয় ছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে ওঠা গেছে এবং কাজ দৃশ্যমান পর্যায়ে এসেছে।

 

শনিবার (১৪ মার্চ ) সকাল সারে ১১টা ভান্ডারিয়াস্থ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি উপস্থিত ছিলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের পাইলিং কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নির্মাণকাজ এগিয়ে চলছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময় অনুযায়ী ২০২৭
সালের জুনের মধ্যেই ইনস্টিটিউটটির নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য। একসময় পাট শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ খাত কিছুটা পিছিয়ে পড়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।

 

তিনি আরও বলেন, ২০০১ সালের পর থেকে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় পাটের ব্যবহার কমে গেছে। পরিবেশ সুরক্ষা এবং পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে মানুষকে চট ও পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বন্ধ পাটকলগুলো চালু করা ও কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার
এবং সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।

 

উল্লেখ্য, উপজেরার দক্ষিণ শিয়ালকাঠী বাইপাস সড়ক সংলগ্ন এক একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে একটি চারতলা একাডেমিক ভবনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। ভবনটির মোট প্লিন্থ এরিয়া প্রায় ১৪ হাজার ৯৯০ বর্গফুট। প্রকল্পটির প্রত্যাশী সংস্থা বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পিরোজপুর গণপূর্ত বিভাগ। নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয় ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে এবং একই দিনে কাজ শুরু হয়। নির্মাণকাজ বাস্তবায়ন করছে ডেলটা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।