নিজস্ব প্রতিবেদক : পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধের জেরে বরিশাল নগরীতে আব্দুল বারেক হাজী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর পোর্ট রোড এলাকার পিয়াজপট্টিতে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল বারেক হাজী বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী দাঁড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।

 

আটক ব্যক্তিরা হলেন—শুভ, কাওছার হোসেন, সুইটি বেগম ও মাকসুদা বেগম। শুভ, কাওছার ও সুইটি ওই এলাকার ভাড়াটিয়া ইলিয়াছ হোসেনের সন্তান এবং মাকসুদা বেগম তার স্ত্রী। ঘটনার পর থেকে ইলিয়াছ পলাতক রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই ভাড়াটিয়া পরিবারের নারীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আব্দুল বারেক হাজীর ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত ইলিয়াছ পালিয়ে গেছেন।

 

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।