নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পাঁচশত পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদার। বুধবার (১৮ মার্চ) বিকেলে ভ্যানগাড়িতে উপহার সামগ্রী নিয়ে তিনি নিজ হাতে বাসায় বাসায় পৌঁছে দেন। এলাকাবাসী তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
‎
‎উপহার সামগ্রী বিতরণ বিষয়ে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান স্থানীয়ভাবে যার যার অবস্থান থেকে জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমি ঝালকাঠি থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। আমি বিএনপি চেয়ারম্যানের নির্দেশনা মনে প্রাণে ধারণ করে সাধ্য অনুয়ায়ী যতটুকু পেরেছি ততটুকু এলাকাবাসীর দরজায় পৌঁছে দিয়েছি। আমি এলাকার সন্তান হিসাবে এলাকাবাসীর সাথে থাকতে চাই। তারা আমাকে আসন্ন পৌর নির্বাচনে তাদের সেবা করার সুযোগ দিলে আমি সততার সাথে দায়িত্ব পালন করবো।
‎
‎উপহার সামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম বলেন, কিছু পাইতে হইলে লাইন দিয়া খাড়াইয়া থাকতে হয়। হানিফ মোগো ঘরে দিয়া গেছে, মোরা খুশি। হে কাউন্সিলর হইলে মোগো ভালো হইবো।
‎
‎আরেক বাসিন্দা আজাহার আলী বলেন, মোরা ঘরে বইয়া সেমাই চিনি পাইয়া খুশি। আল্লাহ হের মনের আশা পুরণ করুক। হে কাউন্সিলর হইলে ভালো হইবো।