নিজস্ব প্রতিবেদক : চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর এক মাস পর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা ইতোমধ্যে অঞ্চলে পৌঁছেছে।

 

সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে সেনারা ঠিক কোথায় অবস্থান করবেন, তা প্রকাশ করা হয়নি।

 

সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার নির্ধারিত দায়িত্বের এলাকায় পৌঁছেছে। জাহাজটির অপারেশন এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত।

 

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ মোতায়েন করা হয়েছে, যেখানে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা রয়েছে। জাহাজটি এর আগে জাপানের আশপাশে অবস্থান করছিল।

এদিকে, জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কেো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে স্থলবাহিনী মোতায়েন ছাড়াই তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং যুদ্ধ কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

 

বিশ্লেষকদের মতে, নতুন করে সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।