বাউফল (পটুয়খালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় মিজান, শামীম ও ফিরোজ গাজী নামে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল (৩১মার্চ) মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল কালাইয়া ইউনিয়নের অজিত কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক ফিরোজ গাজী ওই জমিতে তরমুজ চাষ করেন। কিন্তু শুরু থেকেই ওই জমি নিজের বলে দাবি করেন নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মিজানুর নামের এক ব্যক্তি। বিকেলে ফিরোজ গাজী ওই ক্ষেত থেকে তরমুজ কাটা শুরু করলে মিজানুর ৮ থেকে ১০ জন লোক নিয়ে উপস্থিত হয়ে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তার ডাকচিৎকারে স্বজনরা এগিয়ে আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর আহত হয় মিজানুর, তার সঙ্গী উজ্জল ও শামীম। পরে রাত আটটার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।