নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার পাথরঘাটায় চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ১৮ এপ্রিল ঢাকার উত্তরা থেকে তাকে আটক করা হয়। ১৯ এপ্রিল র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মধ্য লেমুয়া গ্রামের মোঃ মনিরের সাথে একই এলাকার সুজনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত ১৩ ফেব্রুয়ারী মনির তার সহযোগীদের নিয়ে সুজনকে কুপিয়ে জখম করার পাশাপাশি একটি চোখ উপরে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মৃতের বোন বাদী হয়ে অভিযুক্ত মনিরকে প্রধান আসামী করে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অপরাধী চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮ বরিশাল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১ এর সহায়তায় হত্যা মামলার আসামী মনিরকে ১৮ এপ্রিল ঢাকার পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত মনিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।