চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের বৈধভাবে ক্রয়কৃত জমিতে উন্নয়নমূলক কাজে বাধা প্রদান, জমি জবরদখলের চেষ্টা এবং সংস্থার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশন।
৭ মে বুধবার দুপুরে কোস্ট ফাউন্ডেশনের চরফ্যাশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার ভোলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম। সংবাদ সম্মেলনে জানানো হয়, চরমানিকা ইউনিয়নের গণস্বাস্থ্য সংলগ্ন পশ্চিম পাশে ৬৯ শতাংশ জমি ২০২১ সালে ‘চার্চ অব বাংলাদেশ’-এর কাছ থেকে ৩২ লক্ষ টাকায় ক্রয় করে কোস্ট ফাউন্ডেশন। গত ১৮ এপ্রিল ঐ জমিতে ‘কোস্ট রিসোর্স ও বালাইনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল বারবার বাধা প্রদান করে।
সংবাদ সম্মেলনে এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ১৮ জনের নাম প্রকাশ করা হয়। অভিযুক্তরা হলেন- ছায়েদ ফরাজী, রফিক ফরাজী, মামুন হাওলাদার, বাবুল পাটোয়ারী, সিরাজ বেপারী, মাইনুদ্দিন, বশির, ছালাউদ্দিন, শাহিন, কামাল,আবু তাহের সিকদার, শাহে আলম, ইউনুস, ফরহাদ, রুহুল আমিন, মনছুর আহমেদ, আজাহার ও আনোয়ার। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে জানানো হয়, উল্লিখিত ব্যক্তিরা গত ৬ মে সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে এলাকায় মানববন্ধন ও র্যালি করেছে এবং নির্মাণ কাজে বাধা দিচ্ছে। বিষয়টি নিয়ে গত ১৯ এপ্রিল দক্ষিণ আইচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসলেও প্রতিপক্ষরা তাদের দাবির স্বপক্ষে কোনো বৈধ কাগজ পত্র উপস্থাপন করতে পারেনি। সংবাদ সম্মেলনে বক্তারা আক্ষেপ করে বলেন, উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচনে কাজ করা একটি সংস্থার জনকল্যাণমূলক প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে মূলত জমি দখলের অসৎ উদ্দেশ্যে।
কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ষড়যন্ত্র বন্ধ করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রহণসহ উন্নয়ন কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: শাহাবুদ্দিন’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার টিম লিডার রাশেদা বেগম, ক্ষুদ্র ঋণ আঞ্চলিক সমন্বয়কারী জহির উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্রশীল, টেকনিক্যাল কর্মকর্তা মাকছুদুর রহমান সহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।