ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার একটি চৌকস দল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায় এক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার হুমায়ুন কবির ফরাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

​অভিযানে মাদক কেনাবেচা ও ব্যবসার অভিযোগে মো. হুমায়ুন কবির ফরাজী (৪৮) ও মো. জাহাঙ্গীর হোসেন সরদারকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হুমায়ুন কবির ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ ফরাজীর ছেলে এবং জাহাঙ্গীর হোসেন সরদার একই ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।

 

​উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

​এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল হাসান জানান, এলাকা মাদক মুক্ত করতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।