নিজস্ব প্রতিবেদক : ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উন্মাদনা বাড়ছে, তখন সেই উত্তেজনার ছোঁয়া লেগেছে ঝালকাঠির রাজাপুরেও। প্রিয় দল আর্জেন্টিনা এবং বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে মোটরসাইকেল র‍্যালি করেছেন উপজেলার শতাধিক আর্জেন্টিনা সমর্থক।

বুধবার সকালে রাজাপুর উপজেলার পপুলার ক্লিনিকের সামনে থেকে বর্ণাঢ্য এ র‍্যালির সূচনা হয়। নীল-সাদা জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা আর মুখে প্রিয় দলের জয়ধ্বনি নিয়ে র‍্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। পরে র‍্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ৩০টিরও বেশি মোটরসাইকেলে শতাধিক সমর্থক অংশ নেন এ আয়োজনে। র‍্যালিটি প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে। পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার প্রকাশ নজর কাড়ে সাধারণ মানুষের।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শুধু আর্জেন্টিনার জার্সিই পরেননি, অনেকেই মোটরসাইকেল সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকা দিয়ে। কারও হাতে, কারও কপালে, আবার কারও গায়ে শোভা পাচ্ছিল নীল-সাদা রঙের পতাকা ও প্রতীক। এতে পুরো শহর যেন রূপ নেয় ছোট্ট এক ‘আর্জেন্টিনায়’।

সমর্থকদের উচ্ছ্বাস দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এ ব্যতিক্রমী আয়োজনের মুহূর্তগুলো।

র‍্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার জায়গা। আর সেই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতেই তাদের এই আয়োজন।

তারা বলেন, বিশ্বকাপ যত এগিয়ে আসবে, ততই বাড়বে ফুটবল উৎসবের আমেজ। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।