নিজস্ব প্রতিবেদক : কেন্দ্র ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে আগামী রোববার (১৯ জুলাই) পিরোজপুর সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জুলাই)  দুপুরে পিরোজপুর জেলা এনসিপির উদ্যোগে শহরের রাজারহাট এলাকার চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে কর্মসূচি উপলক্ষে এক সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আহ্বায়ক মো. হুমায়ন কবির ও সদস্য সচিব মাইনুল হাসান মুন্না সফরসূচি ও কর্মসূচির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সংবাদ ব্রিফিং-এ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল, খান মোহাম্মদ বাকিবিল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. কামাল হোসেনসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন।

জেলা সদস্য সচিব মাইনুল হাসান মুন্না জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যেসব এলাকায় এনসিপি মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, সেসব এলাকাতেই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ১৯ জুলাই বিকেল ৩টায় রাজাপুরে পদযাত্রা এবং বিকেল ৫টায় নেছারাবাদে পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা রাতে পিরোজপুর সার্কিট হাউস ও অন্যান্য আবাসনে অবস্থান করবেন। পরবর্তী দিন ২০ জুলাই জিয়ানগর উপজেলায় একটি পদযাত্রা ও পথসভার পরিকল্পনা থাকলেও সম্ভাব্য প্রার্থী অসুস্থ থাকায় ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ২০ জুলাই বিকেল ৫টায় পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে জুলাই চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। এসময় হাসানাত আব্দুল্লাহ এমপি , সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নারী সংসদ সদস্য  ডা. মাহমুদা মিতুসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পদযাত্রা বিকেল ৫টায় শুরু হয়ে ৬টার দিকে জুলাই চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যার আগেই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।