বরগুনা প্রতিনিধি: বরগুনা মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম (সেবা)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে বরগুনা সদর থানার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পুলিশ।

তল্লাশিকালে পাতাকাটা গ্রামের বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন (৪৮) এর ব্যাগ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে বরগুনায় বিক্রি করতেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আরও তথ্যের জন্য তাকে রিম্যান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন,মাদকমুক্ত বরগুনা গড়তে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।