আন্তার্জাতিক ডেস্ক : ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ায় সংগঠনটি এ ঘোষণা দিয়েছে।

সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা সব বিক্ষোভকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

সিজেপির দাবি অনুযায়ী, সরকার যেসব বিষয়ে সম্মত হয়েছে, সেগুলো হলো—

* নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে।

* কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকে ঘিরে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে।

এ ছাড়া ভবিষ্যতে এই আন্দোলনে অংশ নেওয়া কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না।
* পরীক্ষা সংস্কার নিয়ে সিজেপির পাঁচ দফা সনদ সরকার বিবেচনা করবে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সরকারের সঙ্গে সিজেপির বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হবে না—সরকার এই দাবি মেনে নিয়েছে।

এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

সেই দাবি পূরণ হওয়ার পর সরকার বাকি বিষয়গুলোতেও ইতিবাচক অবস্থান নেওয়ায় আন্দোলন আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

এদিকে, আন্দোলন প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এ বিক্ষোভের আপাত সমাপ্তি ঘটলেও, সরকারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের ওপর নজর রাখার কথা জানিয়েছে সিজেপি।