লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি রোগে ভুগছেন। রোগ শনাক্তের পর থেকে তিনি চিকিৎসাধীন থাকলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে দেখতে ছুটে যান লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
শনিবার দুপুরে উপজেলা চরভূতা ইউনিয়নের সিদ্দিক মিয়ার পুল এলাকায় শিক্ষক মো. নাসির উদ্দিনের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন শিক্ষক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অসুস্থ নাসির উদ্দিনের পরিবারকে শান্তনা দেন এবং চিকিৎসার খরচের জন্য সমিতির পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আমাদের অসুস্থ সহকর্মী নাসির উদ্দিন স্যারের পাশে দাঁড়াতে এসেছি। শিক্ষক-কর্মচারীদের দুর্দিনে তাদের পাশে থাকাই আমাদের সমিতির মূল লক্ষ্য। অতীতেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছি এবং ভবিষ্যতেও শিক্ষকদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সংগঠন।

এ সময় লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন মিলন, যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন মনু, মো. শাহাজাহান, মো. মেজবাহ উদ্দিন, আব্দুল হাই, মো. ইয়াছিন, মো. হেলাল উদ্দিন, মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, সরোজ চন্দ্র দাস, মো. আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাধ্যমিক শিক্ষক সমতিরি এমন সহমর্মী উপস্থিতিতে নাসির উদ্দিনের পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তাদের এই দুঃসময়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকদের পাশে পাওয়া ও সহযোগিতায় তাদের মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে।