রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বহিস্কৃত ছাত্রদল নেতা সঞ্জিব রায় অরূপ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তৌহিদী জনতার ব্যানারে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীরা সঞ্জিব রায় অরূপকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর শহরের ফেরীঘাট থেকে শুরু করে বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বানারীপাড়া থানার প্রধান ফটকে এ বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মসজিদের সভাপতি ও জামায়াত নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, ইমাম মাওলানা ইলিয়াস হোসেন,পৌর জামায়াতের আমির কাওছার হোসেন,উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

এসময় তারা নবী করিম সা.কে অবমাননাকারী কুলাঙ্গার সঞ্জিব রায়কে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দেন।
এসময় বরিশাল অতিরিক্ত জেলা পুলিশ সুপার আলাউল ইসলাম সঞ্জিব রায় অরূপকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারী মুসল্লীদের শান্ত করেন। এসময় বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমানও বক্তৃতা করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সঞ্জিব রায় অরূপকে সংগঠন থেকে আজীবন বহিস্কার করা হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব সোহাগ হাওলাদারের নির্দেশক্রমে যুগ্ম আহবায়ক (দপ্তর) সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সঞ্জিব রায় অরূপকে সংগঠন থেকে আজীবন বহিস্কার করা হয়।

প্রসঙ্গত,উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সঞ্জিব রায় অরূপ মুসলিম জাহানের নয়নের মনি বিশ্বনবী দু’জাহানের বাদশা নবী করিম হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল মন্তব্য করেন। এতে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটে তার গলায় জুতার মালা পড়িয়ে ঘুরায়। এসময় কটুক্তিকারী সঞ্জিব রায় অরূপ (২৭) স্থানীয়দের তোপের মূখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনও বাজে মন্তব্য করবে না এবং ভুল হয়েছে মাপ করে দেন বলে ক্ষমা প্রার্থনা করেন।

মারধর ও জুতার মালা পড়িয়ে ঘুরানো শেষে ক্ষমা প্রার্থণায় তাকে তার বাবা শরত রায়ের হাতে ছেড়ে দেওয়া হয়। জুতার মালা পড়িয়ে ঘুরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নবীর অবমাননায় ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ও ক্ষোভের সঞ্চার হয়।এঘটনায় শনিবার বানারীপাড়া থানায় সঞ্জিব রায় অরূপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারে সর্বাত্বক চেষ্টা চলছে।