নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম কবিরের নিজ উদ্যোগ ও অর্থায়নে তাঁর জন্মভূমি চরবাড়িয়া ইউনিয়নে স্থানীয় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশসহ বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. জিহান ইসলাম রাজীব, বরিশাল সদর উপজেলা তাঁতী দলের সাবেক সদস্য সচিব মো. জয়নাল আবেদীন জীবন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জিয়া সাইবার ফোর্স বরিশাল সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম হাওলাদার এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাদ সিকদার সোহেল।

এছাড়াও স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতি দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির শেষ পর্যায়ে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।