নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কোতোয়ালী থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকায় এক আমেরিকান প্রবাসীর জমি জোরপূর্বক দখল, চলাচলের রাস্তা বন্ধ, প্রাণনাশের হুমকি এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতাসহ ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এইচ. এম. নেছার আহম্মেদ (৫০)।
অভিযোগে নেছার আহম্মেদ উল্লেখ করেন, তিনি একজন আমেরিকা প্রবাসী এবং বরিশাল নগরীর সাগরদী এলাকায় তার মালিকানাধীন প্রায় ৪৫ দশমিক ২৮ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন এবং বিভিন্ন সময়ে তার কাছে অর্থ দাবি করেছেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুলাই ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. জামান, মো. আসাদ হাওলাদার, মোঃ. রাকিবসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেন। পরে তারা জমি দখল করে বাড়ির প্রবেশপথ, চলাচলের রাস্তা এবং গেটের সামনে ও পেছনে পাকা দেয়াল নির্মাণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে ওই দিন দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করেন এবং অস্ত্র নিয়ে ধাওয়া করেন। প্রাণভয়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। এ সময় অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দেন এবং পুনরায় বাড়িতে পেলে হত্যা করে লাশ গুম করার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, সংশ্লিষ্ট জমির বৈধ মালিকানার কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ তার কাছে রয়েছে। একই সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে অভিযুক্তদের বিরুদ্ধে জিআর নং-৬৯৮/২১, ৬৮৮/২১ ও ৬৮৯/২১ মামলা বিচারাধীন রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বিবাদী হিসেবে মো. জামান, মো. আসাদ হাওলাদার, মো. রাকিবসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তরা বরিশাল মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার অনুসারী হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. জামান, মো. আসাদ হাওলাদার ও মো. রাকিবের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য: এইচ. এম. নেছার আহম্মেদ বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান।