লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে মো. শরীফ বেপারী নামে এক ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত মো. শরীফ বেপারী লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর আগে শরীফ বেপারীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর স্ত্রীকে কেন্দ্র করে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে বেশ সরগরম ছিল বেশ কয়েকদিন।
জানা গেছে, লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার স্বর্ণকার বাড়ির আব্দুল হালিমের ছেলে হাসনাইন আহমেদ টুটুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন ছাত্রদল নেতা মো. শরীফ বেপারী। ২০২৩ সালে বিয়ের পর থেকেই শরীফ বেপারীর সঙ্গে টুটুলের স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। প্রতিবাদ করলে শরীফ বেপারী ভুক্তভোগী টুটুলকে ভয়ভীতি ও হুমকি দেন। এসব অভিযোগের ভিত্তিতে ভোলা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। জেলা ছাত্রদলের এ পদক্ষেপ সংগঠনের শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিজাম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে সংগঠন তদন্ত করেই এই সিদ্ধান্তে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা ছাত্রদল শরীফ বেপারীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
তবে শরীফ বেপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।