উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক শহীদ স্বরনিকা মাধ্যমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত করার দাবিতে কোমলমতি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছে।

 

১৩ আগস্ট দুপুর দেড়টার দিকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেন,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র মন্ডলসহ শত শত শিক্ষার্থীরা।

 

এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেন বলেন,দীর্ঘ দিন ধরে কলেজ ও স্কুলের ভোগদখলীয় শিক্ষার্থীদের খেলার মাঠে বাথরুম ও বেড়া দিয়ে জোরপূর্বক দখলের পায়তারা চালায় স্থানীয় ভূমিদস্যু মোঃ দেলোয়ার মল্লিক,মোঃ জিয়াউর রহমান মল্লিক,জাহাঙ্গীর মল্লিক মারুফ মল্লিক। তাদেরকে অচিরেই গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

এছাড়া শিক্ষার্থীরা মাঠ দখল করতে আসলে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন।

উল্লেখ্য ১১ আগস্ট সকালে অভিযুক্তরা মুন্সিরতাল্লুক শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে দখলের পায়তারা চালায়। এসময় প্রতিবাদ করলে অধ্যক্ষ,প্রধান শিক্ষকসহ কলেজ ও স্কুলের সংশ্লিষ্টদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। হুমকির ঘটনায় অধ্যক্ষ বাবুল হোসেন বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানা জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে ভূমিদস্যুদের কবল থেকে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশে শ্লোগানের মাধ্যমে জড়িতদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

এ বিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন জানান,শিক্ষা-প্রতিষ্ঠানের জমি দখলকারী কাউকে ছাড় দেয়া হবে না। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান,বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।