নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার কদমতলা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাদিম শেখ পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চর কদমতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাত ৩টার দিকে সদর থানা পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে নাদিম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

এ ঘটনায় গ্রেপ্তার নাদিম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৭ আগস্ট ২০২৬ তারিখে সদর থানায় ১৭ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে নাদিম শেখকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।