নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ক্রেতা আকৃষ্ট করতে ব্যবসায়ীরা প্রায়ই নানা ধরনের অভিনব কৌশল নেন। তবে সবজি বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্যশিল্পী এনে নাচানোর ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। এমনই এক অভিনব প্রচারণার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি সবজির দোকানের সামনে শাড়ি পরা এক তরুণী বলিউড সিনেমা ‘রা ওয়ান’-এর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’র তালে নাচছেন। তার পেছনে সারি করে রাখা রয়েছে আলু ও পেঁয়াজের বস্তা।

দোকানের ভেতরে বসে ওই নাচ উপভোগ করতে দেখা যায় বিক্রেতাকে। কখনো তিনি হাসছেন, আবার কখনো হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দোকানের সামনে ভিড় করেন পথচারী ও ক্রেতারাও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং সবজি বিক্রি বাড়ানোর লক্ষ্যেই চেন্নাইয়ের ওই আলু-পেঁয়াজ বিক্রেতা এমন উদ্যোগ নেন। পরে নাচের সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন। অভিনব এই বিপণন কৌশল নিয়ে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই ব্যবসায়ীর ‘আউট অব দ্য বক্স’ উদ্যোগের প্রশংসা করেছেন।

কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ক্রেতাদের আকৃষ্ট করতে এর চেয়ে অভিনব প্রচারণা আর কী হতে পারে! তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। তাদের মতে, ব্যবসা বাড়ানোর জন্য এমন আয়োজন কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।