নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত এক ব্যক্তিকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নাচনমহল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে ১৮টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য সম্প্রতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মো. শফিকুল ইসলাম একটি পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি নাচনমহল ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক ছিলেন। তার বাবা মো. আবদুল গনি হাওলাদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, রুবল ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন খানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, শফিকুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রলীগের পদে থাকাকালে তিনি নাচনমহল ইউনিয়নের সাধারণ মানুষের ওপর নিপীড়ন-নির্যাতন ও বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি কীভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি চাকরিতে নিয়োগ পান, তা খতিয়ে দেখা প্রয়োজন। শফিকুল ইসলামের নিয়োগ বহাল থাকলে তা ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি হবে।’

তারা দ্রুত বিষয়টি তদন্ত করে শফিকুল ইসলামের নিয়োগ বাতিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়ার দাবি জানান। তবে শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।