লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় জিসান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার রায়চাঁদ টু লর্ডহার্ডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

জানা গেছে, শিশু জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়তো। মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল সে। এ সময় সড়ক পার হতে গেলে হঠাৎ দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত টমটমের নিচে চাপা পড়ে শিশু জিসান।

পরে স্থানীয়রা দ্রুত জিসানকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু জিসানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনাটি শুনেছি।  টমটমটি স্থানীয়দের জিম্মায় রয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।