নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

র‌্যালিটি দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র‌্যালির আশপাশের এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বরিশালের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে তারা র‌্যালিতে যোগ দেন।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়। র‌্যালিতে অংশ নেয়া নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় জানান।