নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের উখিয়ায় নবম শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় রবিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষকের বাসা ঘেরাও করে রাখে।পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে সোমবার সকালে একটি মামলাটি দায়ের করেছেন।
অভিযুক্ত ফারুক ইব্রাহিম মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত। ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে অশালীন ও যৌন হয়রানিমূলক আচরণ করে আসছিলেন। সর্বশেষ রবিবার দুপুরে বিদ্যালয়ে পাঠদানকালে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তিনি শারীরিক ও মানসিকভাবে হয়রানিমূলক আচরণ করেন।
মামলার বাদী ও ভুক্তভোগী স্কুলছাত্রীর চাচা বলেন, অভিযুক্ত শিক্ষক ফারুক ইব্রাহিম একাধিক শিক্ষার্থীকে নিয়মিত যৌন হয়রানি করে আসছিলেন বলে আমরা অভিযোগ পেয়েছি। সর্বশেষ রবিবার দুপুরে আমার ভাতিজির সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেছেন। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনো ধরনের সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি। পরে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কয়েক দফা বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, রাতে অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে।