নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

রোববার (২৩ আগস্ট) ওই মাদ্রাসা সুপার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম আবু সায়েদ। তিনি ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

নোটিশে উল্লেখ করা হয়, মাদক সেবন এবং এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে রোববার (২৩ আগস্ট) থেকে মাদ্রাসা হতে বহিষ্কার করা হলো। এমনকি মাদ্রাসা চলাকালীন বা বন্ধকালীন সময়েও ওই শিক্ষার্থী প্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

ভাঙ্গামোড় এলাকার বাসিন্দা লুৎফর বলেন, ‘ফুলবাড়ী উপজেলার পথে প্রান্তরে এখন মাদকের ছড়াছড়ি চলছে। যার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও মাদকের দিকে ঝুঁকছে। মাদ্রাসা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

এ বিষয়ে বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, ‘ম্যানেজিং কমিটিসহ সবার মতামতের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাদকের ব্যাপারে অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সেজন্য বহিষ্কারাদেশটি তাদের জন্য সতর্কবার্তা।’

এদিকে শিক্ষার্থীর মাদক সেবন এবং তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় ওই এলাকার অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।