বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়ে মারা যাওয়া সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন হয়েছে।
গত ১৯ আগস্ট বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাঁশতলা এলাকায় বাড়ির পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন সবুজ হাওলাদার (২৫)। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায় এবং একটি হাত ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। পরে নিজ এলাকায় তাঁর জানাজা সম্পন্ন হয়।
সবুজ হাওলাদার ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তাঁর মা। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের পাশাপাশি কঠিন বাস্তবতার মুখে পড়েছেন তিনি।
এদিকে সবুজের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক মানবিক ও সামাজিক সংগঠন বাকোডিসির পক্ষ থেকে দেওয়া দুই লাখ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ ছাড়া চিকিৎসাকালীন সময়ে সবুজের জন্য পাওয়া অনুদানের অবশিষ্ট অর্থও তাঁর মায়ের জন্য ঘর নির্মাণে ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজের চিকিৎসার সময় দেখভালের দায়িত্বে থাকা সদস্যদের অন্যতম রাজিব হোসেন জানান, সবার পরামর্শ ও সম্মতিক্রমে অবশিষ্ট অর্থ দিয়ে সবুজের মায়ের জন্য একটি পাকা ঘর নির্মাণ করা হবে।
রাজিব হোসেন আরও জানান, সবুজের চিকিৎসার সময় যারা সহযোগিতা করেছেন, তাদের পরামর্শ নিয়েই অর্থ ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসেন ও রাজিব হোসেন ব্যক্তিগত অর্থায়নে সবুজের মাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সবুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে ঘর নির্মাণ ও নিয়মিত আর্থিক সহায়তার এমন উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।