ইফতেখার শাহীন, বরগুনা॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনায় নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা মিজান টাওয়ারের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম শফিকুজ্জামান মাহফুজ, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, প্রমূখ।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা আন্দোলন-সংগ্রামে পরিপূর্ণ। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলটি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

বক্তারা আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং বিএনপির আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে দেশের মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। এসময় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।