বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ম্যাচের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মতো একটি আয়োজনকে কেন্দ্র করে ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল পরিবেশে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ম্যাচ উদ্বোধনের সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, সদস্যসচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শক। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলের খেলোয়াড়রা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন।
নির্ধারিত সময়ের খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।