কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কথা কাটাকাটির জেরে সিফাত নামের এক যুবকের ছুরিকাঘাতে ইয়াসিন (১৯) নামের অপর এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মো. সিফাতকে হেফাজতে নিয়েছে কাঠালিয়া থানা পুলিশ।
​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত ইয়াসিন জমাদ্দারহাট বাজারের মোহাম্মদ খোকনের ছেলে এবং অভিযুক্ত মো. সিফাত একই এলাকার মো. মাহমুদুল ইসলাম অরুণের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমাদ্দারহাট বাজারে কোনো একটি বিষয় নিয়ে ইয়াসিন ও সিফাতের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সিফাত পকেট বা সাথে থাকা ছুরি দিয়ে ইয়াসিনকে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
​পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঠালিয়া থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত সিফাতকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।