নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়কের পাশেই খাদে পড়েছিল। আমার আসার আগেই স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কুমিল্লা দাউদকান্দি মহাসড়ক হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, কক্সবাজারে যাওয়ার সময় বরিশাল মেডিকেলের চারটি বাসের একটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহত ছাত্ররা জানিয়েছে, বাসটির অন্য কিছুর সঙ্গে সংঘর্ষ হয়নি। হয়তো বাসের ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল।
ওসি বলেন, ‘ঠিক কী কারণে বাসটি খাদে পড়েছে তা আমরা এখনো জানি না। তবে আহতদের মধ্যে যারা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘আহত ২৬ শিক্ষার্থীর মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারো মাথায় গুরুতর আঘাত লাগেনি।’
ঢামেক হাসপাতালে পাঠানো শিক্ষার্থীরা হলেন—ইমন মৃধা (২৩), আরিফ (২৩), শহিদুল ইসলাম (২৪), মালিয়া মেহুনাজ (২৫), মিরাজ (২৩), মোরসালিন ইসলাম (২২), সামিয়া (২২), তানহা (২৩) ও রাজর্ষি (২৩)।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অফিস সহকারী (শিক্ষার্থী প্রতিনিধি) মোহাম্মদ রনি বলেন, ‘গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ৪টি বাসে ৪৪ ব্যাচের ২৩৪ শিক্ষার্থী কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কলেজ অধ্যক্ষ আহতদের দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছেন। তবে অধিকাংশের কোনো গুরুতর বা মাথায় ইনজুরি নেই বলে শুনেছি।’