নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পুলিশের অনুমতি ছাড়া কনসার্ট আয়োজন এবং অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়ার ঘটনায় কনসার্টের আয়োজক এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার বিকেলে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। এতে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন কলকাতার জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নেয়া মাইনুল আহসান নোবেল।

অনুষ্ঠান চলাকালে দর্শকসারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া শুরু হয়। একপর্যায়ে ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ স্লোগানে কনসার্ট এলাকা উত্তাল হয়ে ওঠে। আয়োজকেরা স্লোগান বন্ধ করতে দর্শকদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

মঞ্চ থেকেও ঘোষণা দেয়া হয়, এটি কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। তবে এরপরও স্লোগান অব্যাহত থাকায় রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের আগে সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আয়োজকদের সতর্ক করা হয়েছিল। তাদের অনুষ্ঠান না করার পরামর্শ দেয়া হয়েছিল। তবে অনুষ্ঠান করতে হলে নিজস্ব পার্টি সেন্টারের ভেতরে ছোট পরিসরে আয়োজনের কথা বলা হয়েছিল।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের অনুমতি না নিয়েই কনসার্টের আয়োজন করা হয়। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্রিত হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমান পিয়ালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।