কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আউড়া ইউনিয়নের পশ্চিম আউড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে ও তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই এলাকার আঃ রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশের একটি চৌকস দল পশ্চিম আউড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৮ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঠালিয়া থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।