বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নূরে আলম হাওলাদার (৩২) নামে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার নতুনহাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। নূরে আলম দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী গ্রামের মৃত গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নূরে আলমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।