মো: মেহেদী হাসান কাঠালিয়া, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে ০২/০৯/২০২৬ তারিখ উল্লেখ রয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে খালেদ মাহমুদকে তার সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়।

​ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেন।

জানা যায়, এর আগে গত দুদিন আগে পুলিশের অভিযানে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের বাসিন্দা এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ১. অন্তর হাওলাদার (পিতা: হুমায়ুন হাওলাদার) এবং ২. মো. জাহিদুল ইসলাম (পিতা: আঃ রব হাওলাদার)। এএসআই মো. মনজুরুল ইসলাম, আলতাফ হোসেন, মো. হাসান ও যুগল কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান সফল করে।

​মাদকবিরোধী এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।