নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে তীরে ফেরার সময় তালতলীর এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নিদ্রার চর নামক এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটির কোনো হদিস পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তালতলী থেকে জাফর মাঝির মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি ১৪ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ শিকার শেষে তারা তালতলীর দিকে ফিরছিলেন।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তালতলীর নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনার একটি ডুবো চরে ট্রলারটির তলা আটকে যায়। একপর্যায়ে ট্রলারটি ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সহায়তায় চারটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে ট্রলারে থাকা ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের একটি দল ও নৌ-পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।