নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাগেরহাটে প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন (শয়তানের নিশ্বাস প্রয়োগ) করে অপহরণ এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রবিউজ্জামান সিফাত পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি তাকে একটি মোবাইল নম্বর লেখা কাগজ দেন। নম্বরটি লিখে দেওয়ার কথা বলে কৌশলে তাকে ইজিবাইকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ইজিবাইকে তুলে নেওয়ার পর সিফাতকে মারধর করে। একপর্যায়ে তার ঘাড়ে ইনজেকশন দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সিফাতের বাবা মো. কামরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করি। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মেঘাহাটের মাতারামহাট এলাকায় একটি কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। পরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি সামসুল আরেফিন বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।