সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল): কচুরিপানা ও ময়লা-আবর্জনায় বাধাগ্রস্ত রাজারবের খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় শনিবার (১২ সেপ্টেম্বর) মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন সেতু এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে দুই শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।
কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। উদ্বোধনের পর তিনি নৌকায় উঠে স্বেচ্ছাসেবীদের সঙ্গে খাল থেকে কচুরিপানা ও বর্জ্য অপসারণে সরাসরি অংশ নেন। তাঁর এ অংশগ্রহণে পরিচ্ছন্নতা কর্মসূচিটি প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ত পরিবেশ কার্যক্রমের রূপ পায়।
ইউএনও আসমা উল হুসনা বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; স্থানীয় জনগণ ও তরুণদের সম্পৃক্ত করেই এ উদ্যোগকে এগিয়ে নিতে হবে। এক দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে খাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, পরিচ্ছন্নতা শুধু খাল পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। হাট-বাজার, রাস্তাঘাট ও বাড়ির আশপাশও পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্নতাকে সামাজিক অভ্যাসে পরিণত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
স্থানীয়দের মতে, এক দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি নিয়মিত তদারকি, কচুরিপানা অপসারণ ও বর্জ্য ফেলা বন্ধ করা গেলে রাজারবের খালের পানিপ্রবাহ ও পরিবেশ রক্ষায় উদ্যোগটি কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের ধারাবাহিকভাবে যুক্ত করা গেলে এটি বাবুগঞ্জে জনসম্পৃক্ত পরিবেশ উদ্যোগের একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।