নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী অলৌকিকভাবে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি ছয়মাইল এলাকা অতিক্রম করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পর মুহূর্তেই বাসটি মহাসড়কের পাশের গভীর পুকুরে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে এবং জানাল ভেঙে যাত্রীদের নিরাপদে বাইরে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পূর্ণাঙ্গ করে।

দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন আঘাত পেলেও তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরবর্তীতে রেকারের সাহায্যে পুকুর থেকে বাসটি তুলে আনা হয়।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই দুর্ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এতে বড় কোনো হতাহত কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে দুর্ঘটনার পর পর বাসটির চালক ও হেলপার সটকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি তৈরি হলেও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে যাতায়াত স্বাভাবিক হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।