সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ‘মাদককে বলি না, শিক্ষা ও সৃষ্টিশীলতায় এগিয়ে চলি সর্বদা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আঃ হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানা, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. শামসুল আলম ফকির, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মো. হারুন অর রশীদ, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলম, সহকারী অধ্যাপক মো. গোলাম হোসেন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি।
মাদকের কারণে একজন মানুষের স্বাভাবিক জীবন যেমন বিপর্যস্ত হয়, তেমনি এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃষ্টিশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন হওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাবুগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানা বলেন, মাদক অপরাধ ও অন্যান্য অপরাধের সঙ্গে অনেক ক্ষেত্রে সম্পর্কিত। মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক সম্পর্কে তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকার আহ্বান জানান তিনি।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আঃ হালিম বলেন, শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়ে। মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
সভায় শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।